পাবনা জুড়ে
বেড়ায় তালা ভেঙে আ. লীগের পতাকা উত্তোলন ব্যানার পুড়িয়ে দিয়েছে বিএনপি
পাবনার বেড়ায় দীর্ঘ দিন পরিত্যক্ত থাকার পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বেড়া বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এই প্রথম কার্যালয়টিতে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী বেড়া বাজারস্থ কার্যালয়ে প্রবেশ করেন। তারা সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বেড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেক। তার সাথে ছিলেন বেড়া পৌর যুবলীগ নেতা রাজিবুল ইসলাম সেবু এবং ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন সরদারসহ আরও বেশ কিছু নেতাকর্মী।
এ বিষয়ে রাইসুল ইসলাম তারেক বলেন, আমাদের দলীয় কার্যালয় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসিফ শামস্ রঞ্জনের নির্দেশনায় আমরা তালা ভেঙে প্রবেশ করি এবং জাতীয় পতাকা উত্তোলন করি। দেশ ও দলের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ এবং আগামীতে যেকোনো কর্মসূচির জন্য প্রস্তুত আছি। কাজ শেষে আমরা কার্যালয়ে নতুন তালা লাগিয়ে দিয়ে এসেছি।
আওয়ামী লীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিএনপির কর্মীরা সেখানে টাঙানো ব্যানারটি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই সরকার জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে পুনরায় ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
