চাটমোহর

চাটমোহরে চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত-২

প্রকাশিত: ৯:৩১ পিএম, ১৩ মার্চ ২০২৬, হালনাগাদ: ৯:৩১ পিএম, ১৩ মার্চ ২০২৬

চাটমোহর প্রতিনিধি

পাবনার চাটমোহরে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার সময় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে দুই দিনমজুর গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড়ে এই  হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) এবং একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। তারা দুজনই পেশায় দিনমজুর। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইফতারের পর লালনের মোড় এলাকায় রাজ্জাকের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম ও সাজেদুল। এ সময় হঠাৎ তিনটি মোটরসাইকেলে আসা মুখোশধারী তিন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে নাঈম হোসেনের তলপেটে এবং সাজেদুল ইসলামের হাতে গুলি লাগে। তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক জানান, গুরুতর রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছি।

ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক ও চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ADVERTISEMENT(970X90)

আরও পড়ুন