পাবনা জুড়ে
৪ দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি
২৮ শে মার্চ শনিবার চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এই প্রথম সফর।
এই সফর উপলক্ষে মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।
কর্মসূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুর ১২টা ১৫ মিনিটে বঙ্গভবন থেকে তেজগাঁওয়ের বিএএফ বেস বাশারের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টার যোগে পাবনা ক্যাডেট কলেজ ময়দানে নামবেন। পাবনা সাকিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন।
পরদিন ২৯ মার্চ সকালে বাবা মার কবর জিয়ারতের জন্য আরিফপুর কবরস্থানে যাবেন। সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিণিময় করবেন।
৩০ মার্চ সকালে ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় নিজ বাসভবনে যাবেন। ৩১ মার্চ ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারে রওয়ানা হবেন।
