পাবনা জুড়ে
সুজানগরের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে ৩ বিএনপি নেতা বহিষ্কার
সুজানগর( পাবনা) প্রতিনিধি
পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলিতে দুইজন নিহতের ঘটনার জেরে অবশেষে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দল। শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, সন্ত্রাস ও রক্তপাতের অভিযোগে সংশ্লিষ্ট উপজেলার তিন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন— সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, চান্দু খান ও সান্টু খান।
মূল ঘটনার সূত্রপাত গত ২৩ মার্চ (সোমবার)। ওইদিন সকালে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে রণক্ষেত্র তৈরি হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন চায়না খাতুন (৪০)। তিনি ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী ছিলেন।
এই একই ঘটনায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৪ মার্চ বিকেলে প্রাণ হারান মুনছুর খাঁ (৬০)। তিনি ভিটবিলা গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং ভিটবিলা গ্রামের বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ২২ মার্চ রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির জেরে পরদিন সকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
২৩ মার্চ সকালে একপক্ষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে রাজা গ্রুপের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
