পাবনা জুড়ে
ভাঙ্গুড়ায় ৬৪ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ভাঙ্গুড়া (পাবনা) অফিস
পাবনার ভাঙ্গুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট ও নগদ অর্থসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চৌবাড়িয়া উত্তর পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে জাকির হোসেন (৪২) এবং চাটমোহর উপজেলার নারিকেল পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে শরিফুল ইসলাম (৪৫)। অভিযানে পালিয়ে যেতে সক্ষম হন দক্ষিণপাড়ার মৃত রাজিব শেখের ছেলে সবুজ শেখ।
ভাঙ্গুড়া থানা পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে এসআই নাইমুর রহমান ও এএসআই জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণপাড়ার সবুজ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাকির ও শরিফুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ ও সবুজের বাড়ি তল্লাশি চালিয়ে ৬৪ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪৯৫ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা সবুজ শেখ কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় সোমবার (১৩ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে। এই সমাজবিরোধী চক্রকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের এই নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছেন।
