প্রচ্ছদ
ভাঙ্গুড়ায় জেলি দিয়ে নকল দুধ তৈরির কারখানায় অভিযান: ব্যবসায়ীর জেল ও লাখ টাকা জরিমানা
ভাঙ্গুড়া অফিস
পাবনার ভাঙ্গুড়ায় জেলি ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত নকল দুধ তৈরির অপরাধে. ফারুক হোসেন (৪০) নামের এক অসাধু ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার অষ্টমনিষার সিংগাড়ী গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় প্রশাসন। অভিযানে সিংগাড়ী গ্রামের মৃত আ. গফুরের ছেলে ফারুক হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল দুধ তৈরির উপকরণ ও জেলি জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় তাকে এই দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারুক হোসেন দীর্ঘদিন ধরে জেলি ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে নকল দুধ তৈরি করে আসছিলেন। এসব ভেজাল দুধ তিনি কৌশলে ‘ব্রাক চিলিং সেন্টার’সহ ভাঙ্গুড়ার বিভিন্ন চিলিং সেন্টারে সরবরাহ করতেন। এর আগেও তার এক কর্মচারীকে একই অভিযোগে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে মূল হোতা ফারুক কিছুদিন বিরতি দিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন।
অভিযানকালে কারখানা থেকে প্রায় ২০০ লিটার বিষাক্ত জেলি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। জব্দকৃত এই জেলি জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। অভিযানে ভাঙ্গুড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাকিউল আযমের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন,ভেজাল ও নকল দুধের এই চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে সামনের দিনগুলোতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
