সাঁথিয়া

সাঁথিয়ায় জমি ও বসতবাড়ি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে মারধর, থানায় অভিযোগ

প্রকাশিত: ৮:৫৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬, হালনাগাদ: ৮:৫৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬

সাঁথিয়া (পাবনা ) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় জমি ও বসতবাড়ি নিজের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধা মা সুফিয়া খাতুনকে (৬২) মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ছেলে মো. মোক্তার হোসেন (৫২) ও ছেলের বউ মোছা. সাফিনা খাতুনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত সোমবার (৩১ আগস্ট) ভুক্তভোগী মা সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভার দৌলতপুর গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, সুফিয়া খাতুন দৌলতপুর গ্রামের মৃত রতন আলী মিয়ার স্ত্রী। তার ছেলে মোক্তার হোসেন কৌশলে বাবার প্রায় ২৭ বিঘা জমি আগেই নিজের নামে লিখে নেন। পরবর্তীতে সুফিয়া খাতুনের নামে থাকা বসতবাড়িটিও নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন মোক্তার ও তার স্ত্রী সাফিনা খাতুন।

বসতবাড়ি ও জমি লিখে দিতে রাজি না হওয়ায় সুফিয়া খাতুনের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করা হয়। প্রায় এক মাস আগে বসতবাড়ি লিখে নেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে ও ছেলের বউ মিলে তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে তারা বসতঘরে তালা ঝুলিয়ে দেন। বর্তমানে ভুক্তভোগী ওই মা নিজের ঘরে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগে উল্লেখ করেছেন।

তবে অভিযোগের বিষয়ে ছেলে মোক্তার হোসেন জানান, তার বিরুদ্ধে মায়ের দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার মা ও বোন মিলে তার বউকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই কারণে তিনি দৌলতপুর গ্রামেই ভাড়া বাসায় ছিলেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ADVERTISEMENT(970X90)

আরও পড়ুন