পাবনা জুড়ে

পাবনার কৃতি সন্তান হাজী ইউনুসের জন্মদিন আজ

প্রকাশিত: ৪:০৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬, হালনাগাদ: ৪:১৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিনিধি

আজ বিশিষ্ট ব্যবসায়ী ও জনসেবক হাজী মোহাম্মদ ইউনুস আলীর শুভ জন্মদিন। বিশেষ এই দিনে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। রাজনৈতিক সহকর্মী, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ তাকে জানাচ্ছেন উষ্ণ শুভেচ্ছা। সম্প্রতি ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় তার জন্মদিনের এই আনন্দে যুক্ত হয়েছে বাড়তি মাত্রা।

পাবনার বেড়া উপজেলার কৃতি সন্তান হাজী মোহাম্মদ ইউনুস আলী নাকালিয়া এলাকার মৃত কিসমত আলী ও রহিমা খাতুনের সন্তান। তিনি একাধারে সফল শিল্প উদ্যোক্তা, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও মিষ্টভাষী মানুষ হিসেবে পরিচিত। পাবনার চরাঞ্চলের অবহেলিত ও প্রান্তিক মানুষের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থেকেছেন। অসহায়দের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণসহ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা দিয়ে এলাকার মানুষের পরম আপনজন হয়ে উঠেছেন তিনি।

ব্যবসায়িক পরিচয়ের বাইরে জাতীয় রাজনীতিতেও তার বিশেষ পরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। পাবনার সাঁথিয়া ও বেড়া এলাকার রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সব সময় অগ্রভাগে ছিলেন। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবেও স্থানীয় রাজনীতিতে তার নাম ব্যাপকভাবে আলোচনায় ছিল।

সম্প্রতি তাকে বড় একটি সরকারি দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘তাকে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।

জীবনযাত্রার নতুন বছরে পা দিয়ে এবং ওয়াসার বোর্ডে নতুন পদ পেয়ে নানা মহলের শুভকামনায় ভাসছেন এই দানবীর নেতা। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছে। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা, সততা ও জনকল্যাণমুখী চিন্তাধারা ওয়াসার কার্যক্রমে আরও গতিশীলতা আনবে এবং তিনি ভবিষ্যতেও আগের মতোই সাধারণ মানুষের সেবায় নিবেদিত থাকবেন।

ADVERTISEMENT(970X90)

আরও পড়ুন