পাবনা জুড়ে
মাদকের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে— ডিআইজি রাজশাহী রেঞ্জ
নিজস্ব প্রতিনিধি
আমরা শুধু মাদক সেবনকারী নয় মাদকের গডফাদার, পৃষ্ঠপোষক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চাই । আমরা যাদেরকে আটক বা গ্রেফতার করব সে যেই হোক, যেকোনো রাজনৈতিক দলের হোক তার পক্ষে কেউ সুপারিশ করতে আসবেন না, এটা আপনাদের কথা দিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তাই আপনাদের সবার সহযোগিতা দরকার। বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) রাতে পাবনা জেলা পুলিশের আয়োজনে সদর থানা প্রাঙ্গণে এক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ।
ডিআইজি মো. আশিক সাঈদ বলেছেন দেশের উন্নয়ন নির্ভর করে সার্বিক আইনশৃঙ্খলার ওপর। পুনরায় যেন ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, পুলিশকে তার সঠিক মর্যাদায় ফিরিয়ে আনতে হবে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, সারাদেশে মাদক সয়লাব হয়ে গেছে। সবাই মিলে এই মাদক নির্মূল করতে হবে। তা না হলে পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। পুলিশ শুধু মাদকসেবী নয়, মাদকের গডফাদার ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আটক বা গ্রেফতারকৃত ব্যক্তিদের পক্ষে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সুপারিশ না করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত সাধারণ মানুষের প্রশ্নের জবাবে ডিআইজি অনলাইন জুয়া, কিশোর গ্যাং, অবৈধ বালু উত্তোলন, সার সংকট ও বিদ্যুতের মতো চিহ্নিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে সকলের সমন্বয়ে বিট পুলিশিং নতুন করে গঠন করা হবে। এছাড়া কেউ যাতে সারের কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বিপদে ফেলতে না পারে, সে বিষয়ে স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ ও বিট পুলিশিং কমিটির সদস্যরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা, যানজট, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ দখলবাজি এবং পুলিশের হয়রানির বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে মাদক ও অপরাধ দমনে পুলিশকে আরও তৎপর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ ভদ্র, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস এবং সদর থানার ওসি তারিকুল ইসলাম।
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা ও আবু ওবায়দা শেখ তুহিন, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খান, যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ সভায় উপস্থিত ছিলেন।
