আলোকিত পাবনা
সাঁথিয়ায় শতাধিক অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন আলহাজ্ব আব্দুর রহিম বাবু
নিজস্ব প্রতিবেদক,
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম এলাকায় পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রহিম বাবুর ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্যসহায়তা প্রদান করা হয়।
শুক্রবার (৬ মার্চ) বনগ্রাম এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত পণ্যের মধ্যে ছিল সেমাই, চিনি, আটা, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী। মূলত দুস্থ মানুষ যেন উৎসবের আমেজে রমজান পালন ও ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন তাজরি কমিউনিকেশনস লিমিটেড এবং পাবনা টিভি ডট নেট (PabnaTV.net)-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুর রহিম বাবু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তার পিতা আলহাজ্ব আফসার আলী, মাতা মোসাঃ রহিমা খাতুন এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপহার বিতরণকালে আলহাজ্ব আব্দুর রহিম বাবু বলেন, “বর্তমানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে সাধারণ ও নিম্নআয়ের মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। অনেক বাবা-মা তাদের সন্তানদের ছোট ছোট আবদার পূরণ করতে পারছেন না। সেই কষ্ট অনুভব করেই আমি আমার সামর্থ্য অনুযায়ী এলাকার ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছি।”
তিনি আরও যোগ করেন, “রমজান ও ঈদের আনন্দ একা ভোগ করার মধ্যে কোনো সার্থকতা নেই। আমি চেয়েছি এই উৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে। আমার ক্ষুদ্র এই প্রয়াস যদি কয়েকটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমি সার্থক।”
খাদ্যসামগ্রী হাতে পেয়ে স্থানীয় সুবিধাভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, দ্রব্যমূল্যের এই কঠিন সময়ে রহিম বাবুর দেওয়া এই উপহার তাদের ঈদ উদযাপনে বড় সম্বল হয়ে দাঁড়াবে। বিতরণ শেষে সকলের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
