ঈশ্বরদী

ঈশ্বরদীতে কারখানার ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ৮:১৫ এএম, ১৭ মার্চ ২০২৬, হালনাগাদ: ৮:১৫ এএম, ১৭ মার্চ ২০২৬

 নিজস্ব প্রতিনিধি  

পাবনার ঈশ্বরদীতে একটি হস্তশিল্প কারখানায় ইফতারের খাবার খেয়ে অন্তত শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর এলাকায় অবস্থিত ‘বিডি ক্রিয়েশন’ নামক কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের অধিকাংশকেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

  কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিডি ক্রিয়েশন কর্তৃপক্ষ তাদের প্রায় ৩৫০ জন শ্রমিকের জন্য ইফতারের আয়োজন করে। ইফতারের মেন্যুতে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ ও স্যালাইন। ইফতার করার কিছুক্ষণ পর থেকেই শ্রমিকদের মধ্যে বমি, মাথা ঘোরানো, অসহ্য পেটে ব্যথা ও বুক জ্বালাপোড়াসহ নানা শারীরিক সমস্যা দেখা দেয়। মুহূর্তের মধ্যেই অনেকে অসুস্থ হয়ে কারখানার মেঝেতে লুটিয়ে পড়েন।

  সোমবার রাত ১০টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ৩০ জনের বেশি শ্রমিক ভর্তি হয়েছেন। বাকিদের দাশুড়িয়া বাজারের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন সুইং বিভাগের শ্রমিক মহিদুল ইসলাম জানান, খাবার খাওয়ার পরপরই প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। শম্পা খাতুন, খাদিজা ও রেশমাসহ অনেক নারী শ্রমিককে যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে।

  ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা ও ডা. সালাউদ্দিন ইউসুফ নিবিড় জানান, অসুস্থ শ্রমিকদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ‘ফুড পয়জনিং’ বা খাদ্যবিষক্রিয়ার ঘটনা। ভাজা-পোড়া তৈলাক্ত খাবার থেকে তীব্র অ্যাসিডিটির কারণেও এমনটি হতে পারে। হাসপাতালে রোগীর চাপ ক্রমশ বাড়ছে।

কারখানার ইফতারিতে ব্যবহৃত খাবারের মান নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 ঘটনার বিষয়ে জানতে বিডি ক্রিয়েশনের মানবসম্পদ কর্মকর্তা মশিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।   ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও কারখানা পরিদর্শন করেছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

ADVERTISEMENT(970X90)

আরও পড়ুন