আলোকিত পাবনা
ঐতিহ্যবাহী আবাসিক কোরানিয়া মাদ্রাসার নির্মাণকাজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : পাবনার ঐতিহাসিক চাঁপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদ কমপ্লেক্স মার্কেটের চতুর্থ তলায় মসজিদের আবাসিক কোরানিয়া মাদ্রাসার নির্মাণকাজ শুরু হয়েছে। রোববার দুপুরে পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চাঁপা মসজিদের মোতায়াল্লী আলহাজ্ব হারুন উর রশিদ খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শামসুল ইসলাম, আলহাজ্ব শফি উদ্দিন মিয়া, আলহাজ্ব মোফাখখারুল ইসলাম, জেলা পরিষদের প্রকৌশলী আলতাফ হোসেন ও সাংবাদিক এস এম আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক জহুরুল ইসলাম বিশু মাদ্রাসার উন্নয়নে অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাসসহ সংশ্লিষ্টদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধিতে সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে, অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস তাঁর বক্তব্যে এই মহৎ কাজের অংশীদার হতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাদ্রাসার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, এই মাদ্রাসার নির্মাণকাজে তিনি ব্যক্তিগতভাবে ইতিপূর্বে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।
