পাবনা জুড়ে
ভাঙ্গুড়ায় তিন প্রকল্পের কাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ
আব্দুর রহিম, ভাঙ্গুড়া অফিস
পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে এলজিসিআরআরপি (LGCRRP), ইউআইআইপি (UIIP) এবং এডিপি (ADP) প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, রাজশাহীর রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিটের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম এবং ভাঙ্গুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রধান অতিথিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভাঙ্গুড়া পৌরসভায় চলমান প্রকল্পগুলোর মাঠপর্যায়ের কাজ পরিদর্শন করেন এবং কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে চলমান কাজের গুণগত মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা। একই সাথে প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সুপরামর্শ প্রদান করেন তারা।
পর্যালোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ পৌরসভা চত্বরে একটি করে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন।
উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, এই উচ্চপর্যায়ের পর্যালোচনা সভার ফলে পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং শতভাগ স্বচ্ছতা বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে।
