আলোকিত পাবনা
পাবনা জেলার সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে আসছে ‘পাবনা টিভি ডট নেট’
বিশেষ প্রতিনিধি
পাবনা জেলার প্রতিটি কোণের দৈনন্দিন খবর, বিদ্যমান সমস্যা, অফুরন্ত সম্ভাবনা ও সার্বিক উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে অনলাইন সংবাদ মাধ্যম ও ডিজিটাল চ্যানেল ‘পাবনা টিভি ডট নেট’ (Pabna TV.net)। কিছুদিন ধরে সফলভাবে পরীক্ষামূলক সম্প্রচারে থাকার পর এবার আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি চলছে।
গতকাল রোববার রাতে সংবাদ মাধ্যমটির সম্পাদকীয় পর্ষদ ও অফিস সহযোগীদের সাথে মতবিনিময়কালে পাবনা টিভি ডট নেটের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক আলহাজ্ব আব্দুর রহিম বাবু এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন “পাবনা জেলার প্রকৃত আয়না হিসেবে পাবনা টিভিকে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে পোর্টালটির সার্বিক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। খুব শীঘ্রই এটিকে পূর্নাঙ্গ ডিজিটাল ও আইপি টিভিতে রূপান্তর করা হবে। এই উন্নয়নযাত্রায় আমরা সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”
‘পাবনা টিভি ডট নেট’-এর মূল কার্যালয় করা হয়েছে পাবনার অন্যতম বাণিজ্য কেন্দ্র বনগ্রামের ‘তাজরী কমিউনিকেশন’-এর প্রধান অফিসে। এছাড়া পাবনা শহর কার্যালয়সহ মাধপুর বাজারেও একটি আঞ্চলিক কার্যালয় সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই পাবনা জেলার একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিকসহ বিভিন্ন উপজেলার স্বনামধন্য গণমাধ্যমকর্মীরা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন।
প্রকাশক আলহাজ্ব আব্দুর রহিম বাবু আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘পাবনা টিভি ডট নেট’ দ্রুততম সময়ে পাঠকদের মন জয় করে একটি অত্যন্ত জনপ্রিয় সংবাদ পোর্টালে পরিণত হবে। শীঘ্রই সুবিধাজনক সময়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
