আটঘরিয়া
পাবনার আটঘরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতা খুন
নিজস্ব প্রতিনিধি :
পাবনার আটঘরিয়ায় প্রকাশ্য দিবালোকে আদম আলী মেম্বর(৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার(৭ সেপ্টেম্বর)বিকাল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডিপাশা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আদম আলী ওই উপজেলার একদন্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। আটঘরিয়া থানার ওসি নাজমুল হোসেন হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ছিল আটঘরিয়া উপজেলার একদন্ত হাটবার। আদম আলী দুপুরে হাটে যান এবং হাটের কাজ শেষ করে বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে চন্ডিপাশা গ্রামে পৌঁছালে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং খুব কাছে থেকে কয়েক রাউন্ড গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটঘরিয়া থানার ওসি নাজমুল হোসেন বলেন, কী কারণে এবং কারা হত্যাকান্ড ঘটিয়েছে-তা এই মুহুর্তে নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে চরমপন্থী কানেকশন থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সন্ধ্যা ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।এদিকে পুলিশের সুত্র আরো জানায়, সম্প্রতি একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা তমা ধর্ষনের পর হত্যার শিকার হন। চাঞ্চল্যকর তমা হত্যা মামলার প্রধান আসামী ছিলেন আদম আলী। এছাড়া তার বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা রয়েছে।
পাবনা পুলিশ সুপার আবু আশরাফ আলী জানান, নিহতের নামে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এছাড়াও একটি বিস্ফোরক মামলা রয়েছে। আমাদের অভিযান চলছে। খুব শীঘ্রই দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।
